দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরের কাঁধে সফল অস্ত্রোপচার হয়েছে। বুধবার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তার কাঁধে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি সুস্থ ও স্থিতিশীল আছেন বলে জানা গেছে।
অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন অভিনেতা। পাশাপাশি ভক্তদের ভালোবাসা, প্রার্থনা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। চিকিৎসক, পরিবার ও বন্ধুদের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন জুনিয়র এনটিআর।
জানা গেছে, কাঁধে চোট পাওয়ার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কাঁধে করা হয়েছে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার।
এদিকে জুনিয়র এনটিআরের চোটের কারণে তার শুটিং নিয়েও আলোচনা শুরু হয়েছে। অভিনেতার নতুন সিনেমা ‘ড্রাগন’-এর কাজ চলছিল। তবে ঠিক কীভাবে তার কাঁধে চোট লেগেছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অস্ত্রোপচার সফল হলেও আপাতত তাকে বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। পুরোপুরি স্বাভাবিক কাজে ফিরতে প্রায় দুই থেকে তিন মাস সময় লাগতে পারে বলে জানা গেছে।
তবে আপাতত ভক্তদের দুশ্চিন্তার কারণ নেই। নিজেই সুস্থ থাকার কথা জানিয়ে দ্রুত সবার সঙ্গে দেখা করার আশ্বাস দিয়েছেন ‘আরআরআর’খ্যাত এই অভিনেতা।