চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অনলাইন জুয়ার আসক্তি ও আর্থিক চাপের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের আলুরঘাট রোড এলাকার নিশান প্লাজার ৫০৩ নাম্বার কক্ষ থেকে শিব্বির আহমেদ হাসান (৩৪) নামের ওই শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লোহাগাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত শিব্বির আহমেদ হাসান তামিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বরইউড়ি ইউনিয়নের কদুপাড়া গ্রামের বাসিন্দা ছালেহ আহম্মদের ছেলে।

নিহতের স্ত্রী শিরিন আক্তার (২৩) জানান, তার স্বামী অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন বলে তিনি শুনেছেন। মাদ্রাসার তহবিলের প্রায় ৭০ হাজার টাকা মোবাইলভিত্তিক অনলাইন জুয়ায় হারিয়ে ফেলেন শিব্বির। এ টাকা আদায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ একাধিকবার চাপ প্রয়োগ করে।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার আগের রাতে তাকে ও তার স্বামীকে একটি কক্ষে আটকে বাইরে থেকে তালা দেওয়া হয় এবং তাদের মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়। সকালে মাদ্রাসার এক কর্মচারীর ডাকে ঘুম ভাঙার পর তিনি স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে চিৎকার দিলে অন্য শিক্ষকরা এসে পুলিশে খবর দেন।

মাদ্রাসার পরিচালক মাওলানা মহিউদ্দীন বলেন, প্রায় এক বছর আগে শিব্বির মাদ্রাসায় যোগ দেন এবং তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। মাদ্রাসার অর্থ আত্মসাতের ঘটনায় তার কাছে টাকা ফেরতের জন্য বারবার তাগাদা দেওয়া হচ্ছিল। ঘটনার সময় তার স্ত্রী সঙ্গে ছিলেন বলেও জানান তিনি।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার রহস্য এখনো জানা যায়নি, রহস্য উদঘাটনে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews