ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের সামনে এক অভিনব তথ্য উপস্থাপন করলেন। অপারেশন এপিক ফিউরি চলাকালীন মার্কিন সেনারা কতটা খাবার ও পানীয় গ্রহণ করেছেন, তার হিসাব তুলে ধরলেন তিনি।

প্রায় ছয় সপ্তাহের এই যুদ্ধে মার্কিন সেনারা ৬০ লাখেরও বেশি বেলা খাবার খেয়েছেন। কফি পান করেছেন ৯ লাখ ৫০ হাজার গ্যালনেরও বেশি। হিসাব করলে এটি প্রায় ৭৬ লাখ কাপ কফির সমান। এনার্জি ড্রিংক পান করেছেন ২০ লাখ ক্যান। এর বাইরে প্রচুর পরিমাণে নিকোটিনও ব্যবহৃত হয়েছে।

কেইন বলেন, ‘পথে আমরা ৬০ লাখেরও বেশি বেলা খাবার খেয়েছি, আমার হিসাবে ৯ লাখ ৫০ হাজার গ্যালনেরও বেশি কফি, ২০ লাখ এনার্জি ড্রিংক এবং প্রচুর নিকোটিন নিয়েছি।’ তিনি হেসে যোগ করেন, ‘তবে আমি বলছি না যে আমাদের কোনো সমস্যা আছে।’ এনার্জি ড্রিংকগুলো মনস্টার নাকি সেলসিয়াস ছিল, তা তিনি নির্দিষ্ট করে বলেননি।

যুদ্ধে অংশ নেওয়া সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেইন বলেন, ‘এটা কঠোর ও নির্মম কাজ। এটা বিশৃঙ্খল, গরম, অন্ধকার, অনিশ্চিত এবং সবসময় অজানা বিপদ থাকে। আমাদের সেনারা গর্বের সঙ্গে সেই অজানার ভেতরে পা রেখেছেন এবং এগিয়ে গেছেন। এই সবকিছুর মধ্যে দিয়ে যৌথ বাহিনী সেই অটল মনোবল দেখিয়েছে যা দেশ আমাদের কাছে প্রত্যাশা করে।’

ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, পেন্টাগন ‘আপাতত’ তার কাজ করেছে, তবে তারা এই অঞ্চলে ‘আশপাশেই থাকবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews