শক্তি-সামর্থ্য ও পারফরম্যান্সে ভারত এগিয়ে। কন্ডিশনও তাদের চেনা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই ভারতকেই ফেভারিট মানছেন রিকি পন্টিং। তবে অস্ট্রেলিয়াকেও পিছিয়ে রাখছেন না তিনি। অন্তত সেমিফাইনালে তার উত্তরসূরিরা খেলবেন বলেই বিশ্বাস এই অস্ট্রেলিয়ান কিংবদন্তির।

এমন এক সময়ে পন্টিং এমন কথা শোনালেন, যখন পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে অস্ট্রেলিয়া। বিশেষ করে শেষ দুই ম্যাচে তারা পাত্তাই পায়নি সেভাবে। স্পিনের সামনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভোগান্তিও ছিল নজড়ে পড়ার মতো। তবে আইসিসি রিভিউয়ে পন্টিং বললেন, বিশ্বকাপে অস্ট্রেলিয়া ঠিকই ভালো করবে, অন্তত সেমি-ফাইনালে খেলবেই।

তিনি জানান, অস্ট্রেলিয়ার স্কোয়াডের দিকে যদি তাকান, অন্য যে কোনো দলের মতোই সুযোগ আছে তাদের। ভারত সম্ভবত পরিষ্কার ফেভারিট হিসেবেই শুরু করছে এই আসরে, সেটা কন্ডিশনের কারণে, তাদের প্রতিভা ও যে মানের ক্রিকেটার তাদের আছে, সবকিছু মিলিয়েই। তাদেরকে হারানো হবে কঠিন। তবে আমি সত্যি মনে করি, সেমি-ফাইনালের সময় এলে অস্ট্রেলিয়াকেও দেখতে পাবেন।

অস্ট্রেলিয়া দলকে নিয়ে এই মুহূর্তে একটি দুর্ভাবনার জায়গাও অবশ্য দেখছেন পন্টিং। তিনি বলেন, অস্ট্রেলিয়া দলে কিছুটা পালাবদল চলছে। তবে খুব নাটকীয় কিছু নয়। যে স্কোয়াড তারা ঘোষণা করেছে, সেখানে অভিজ্ঞ নামও আছে। এই মুহূর্তে কয়েকজন চোটে আছে বা চোট থেকে ফিরছে। এই মুহূর্তে সেটিই তাদের জন্য সবচেয়ে দুর্ভাবনার ব্যাপার।”

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন প্যাট কামিন্স। আরেক অভিজ্ঞ পেসার জশ হেইজেলউডের বিশ্বকাপের প্রথম দিকে খেলা নিয়ে আছে শঙ্কা। টিম ডেভিড ও ন্যাথান এলিসও ফিরছেন চোট কাটিয়ে। মূল স্পিনার অ্যাডাম জ্যাম্পারও আছে কুঁচকির সমস্যা, যদিও তা আপাতত গুরুতর নয়। চোটের দুর্ভাবনার পাশে অস্ট্রেলিয়াকে নিয়ে আশার জায়গাও দেখছেন পন্টিং। অলরাউন্ডারের ছড়াছড়িকে তিনি মনে করেন দলটির বড় শক্তি। স্পিন সহায়ক উইকেটের জন্যও আছে রসদ।

পন্টিং বলেন, তাদের স্কোয়াডে একটি সত্যিকারের ভালো ব্যাপার হলো, অলরাউন্ডার বেশ কিছু আছে তাদের। স্টয়নিস, ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন… বেশ কজন। কুপার কনোলি আছে। মাত্রই বিগ ব্যাশে টুর্নামেন্ট সেরা হয়েছে এই তরুণ, টানা দ্বিতীয়বার। উইকেটে যদি টার্ন মেলে, আমার মনে হয় জ্যাম্পা ও ম্যাক্সওয়েলের সঙ্গে কনোলিকেও বেছে নেবে। সেখানে তাই স্পিন বোলিংয়ে তিনজন বিকল্প আছে তাদের।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews