চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খালেদা (৫২) নামের এক বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে তার স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত খালেদা ওই এলাকার স্থানীয় বাসিন্দা মৃত নূর মোহাম্মদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত খালেদা তিন মেয়ে ও এক সন্তানের জনক। গত শনিবার তিনি তার ছোট মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী এলাকায় বাবার বাড়িতে যান। রবিবার ভোরে সেহরির পর কাউকে কিছু না জানিয়ে তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন। সকালে ছোট মেয়ে বাড়ি গিয়ে তার মাকে বাড়ির একতলা দালানের সিঁড়ির চালের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তার লাশ উদ্ধার করে।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সুজন