আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। মুক্তির আগেই ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে এটি বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে।

পপ সঙ্গীতের অবিসংবাদিত রাজা বা ‘কিং অব পপ’ মাইকেলের জীবনকে ঘিরে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকসন পরিবারেরই এক সদস্য। তার নাম জাফর জ্যাকসন।

মাইকেল জ্যাকসনের আলোচিত গান ‘বিট ইট’-এর মিউজিক ভিডিও থেকে মাইকেলের লুক বেছে নেওয়া হয়েছে। সিনেমাবোদ্ধাদের অনেকেই বলছেন, মেকআপ-গেটআপে হুবহু মাইকেলের মতোই দেখিয়েছে জাফরকে।

ইতোমধ্যে সিনেমাটির টিজার ও ট্রেলার প্রকাশ পেয়েছে। উভয়ই বিশ্বজুড়ে আলোচিত। অধীর আগ্রহে মাইকেলের ভক্ত-শ্রোতারা এই সিনেমা দেখার অপেক্ষায় আছেন। 

মাইকেলের অকাল প্রয়াণের পর ১৬ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবুও পপসম্রাটের জীবন নিয়ে মানুষের কৌতূহল কম নয়, তাতে ধারণা করা হচ্ছে ছবিটি বড় হিট হতে পারে।

তবে চলচ্চিত্রটি দর্শকদের সামনে মাইকেলের গৌরবময় ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের জটিল দিকগুলো কীভাবে তুলে ধরবে, সেটিই এখন দেখার বিষয়। সিনেমাটি তার জীবনের পুরো সত্যটা তুলে ধরতে পারবে কিনা, তা মুক্তির পরই স্পষ্ট হবে।

এর আগে, বোহেমিয়ান র‍্যাপসোডি নামের বায়োপিকটি নানা সমস্যার মধ্য দিয়ে নির্মিত হয়েছিল। শুরুতে সাচা ব্যারন কোহেন প্রধান চরিত্রে থাকার কথা থাকলেও পরে তিনি সরে দাঁড়ান, আর পরিচালক ব্রায়ান সিঙ্গারকেও সরিয়ে দেওয়া হয়। এত বিতর্ক সত্ত্বেও সিনেমাটি বিশ্বব্যাপী ৯০০ মিলিয়ন ডলারের বেশি আয় করে এবং চারটি অস্কার জেতে।

এই সাফল্যের ধারাবাহিকতায় ওই সিনেমার প্রযোজক গ্রাহাম কিং ২০১৯ সালে ঘোষণা দেন, তিনি আরেকজন বিশ্বখ্যাত সংগীত তারকা-মাইকেল জ্যাকসনকে নিয়ে বায়োপিক নির্মাণ করবেন। বিশ্লেষকদের মতে, ‘মাইকেল’ চলচ্চিত্রটি ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র চেয়েও বড় সাফল্য পেতে পারে।

বিডি-প্রতিদিন/শআ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews