সৌরভ দেওয়ানের জোড়া গোলে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠেছে দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। গতকাল মঙ্গলবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ কোয়ালিফায়ার্স ম্যাচে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। মোহামেডান দুই অর্ধে ২ গোল করে এক মৌসুম পর উঠেছে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে। এই জয়ে গত চার আসরের মধ্যে তৃতীয়বারের মতো শিরোপা নির্ধারণী মঞ্চে উঠল ঐতিহ্যবাহী ক্লাবটি।

লিগ শিরোপার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর চলতি মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের প্রধান লক্ষ্য ছিল ফেডারেশন কাপের শিরোপা। তবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রোমাঞ্চকর এক লড়াই শেষে শেষ হাসি হেসেছে সাদা-কালো শিবির।

জয়ের লক্ষ্যে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সাদাকালো শিবির। কাক্সিক্ষত গোলের দেখা তারা পেয়ে যায় প্রথমার্ধের ৩৮তম মিনিটে। ডান দিক থেকে রহমত মিয়ার লম্বা থ্রো এলি কেকে'র মাথা হয়ে বল চলে যায় সৌরভ রাজুর কাছে। জটলায় দাড়িয়ে তিনিও হেডে বল পাঠিয়ে দেন জালে। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় সাদা-কালোরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে ব্রাদার্স ইউনিয়নের আক্রমণভাগ। ৪৯তম মিনিটে আলমগীর গাজীর জোরালো ভলি অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। তবে ৭৪ মিনিটে আর রক্ষা হয়নি। ডি-বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন আলমগীর।সেখান থেকে নেয়া দুর্দান্ত এক ফ্রি-কিকে ব্রাদার্সকে ১-১ সমতায় ফেরান দলটির অধিনায়ক জামাল ভূঁইয়া। চলতি মৌসুমে এটি জামাল ভূঁইয়ার প্রথম গোল।

এক পর্যায়ে মনে হয়েছিল ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াচ্ছে। ইনজুরি সময়ের শেষ মিনিটে মোহামেডান কর্নার পায় এবং সেই সুযোগ কাজে লাগিয়ে আবার এগিয়ে যায় সাদাকালোরা। ডান দিক থেকে মুজাফফরভের নেওয়া কর্নার কিক ব্রাদার্সের এক ডিফেন্ডার ক্লিয়ারের চেষ্টা করলে বল পেয়ে যান মোহামেডানের আক্রমণভাগের এক খেলোয়াড়। তিনি বলটি বুক দিয়ে ঠেলে দেন সৌরভ দেওয়ানের কাছে। তিনি দেখেশুনে গোল করে দ্বিতীয়বার দলকে লিড এনে দেন। বাকি সময় ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। তবে ম্যাচ শেষের বাঁশির পর মাঠে ঘটে অনাকাক্সিক্ষত ঘটনা। চরম উত্তেজনার মধ্যে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। এ সময় মোহামেডানের মুজাফফরভের মুখ ফেটে রক্ত ঝরতে দেখা গেছে। পরে দুদলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। উল্লেখ্য ২০০৫ সালের পর ব্রাদার্স আর কখনো ফেডারেশন কাপের ফাইনালে উঠতে পারেনি। মোহামেডানের বিপক্ষে সমতায় ফেরার পর মনে হয়েছিল তাদের সামনে দীর্ঘ সময় পর ফাইনালে খেলার সুযোগ তৈরি হয়েছে। তবে সৌরভ দেওয়ান নামের এত তরুণ ফরোয়ার্ডের কাছে হারতে হয়েছে কমলা জার্সিধারীদের। আগামী ১৯ মে মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews