১৯৮১/৮২ মৌসুমে ইউরোপিয়ান কাপে বায়ার্ন মিউনিখকে হারিয়ে সবশেষ ইউরোপসেরা মুকুট পরেছিল অ্যাস্টন ভিলা। ৪৪ বছর পর আবারও মহাদেশীয় শিরোপার স্বাদ পেল ইংল্যান্ডের ক্লাবটি। উয়েফা ইউরোপা লিগে ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়েছে উনাই এমেরি শিষ্যরা।
ইউরোপা লিগে ৫৪ বর্ষী স্প্যানিয়ার্ড কোচের সাফল্য প্রায় নিশ্চিত থাকে। এপর্যন্ত চারটি ভিন্ন দলের সাথে ছয়বার ফাইনাল খেলে পাঁচবার এ টুর্নামেন্ট জিতেছেন এমেরি। ইস্তাম্বুলের ভোডাফোন পার্ক স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার সামনে দাঁড়াতে পারেনি জার্মান ক্লাবটি। ফ্রেইবুর্গের বিপক্ষে দাপটের সাথে খেলেছে প্রিমিয়ার লিগের ভিলা।
ম্যাচের ৪১ মিনিটে ইউরি টাইলেম্যানস গোলে লিড পায় ভিলা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দিগুণ করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। ৫৮তম মিনিটে স্কোরবোর্ডে তৃতীয় গোল যোগ করেন মরগান রজার্স।
২০১৬ সালে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়ার পর ২০১৯/২০ মৌসুমে প্রিমিয়ার লিগে ফিরে আসে ভিলা। ৩০ বছর আগে ১৯৯৬ সালে লিডস ইউনাইটেডের বিপক্ষে লিগ কাপ জয়ের পর ভিলার এটিই প্রথম কোন বড় শিরোপা।
অন্যদিকে এমেরি সেভিয়ার হয়ে ২০১৩/১৪, ২০১৪/১৫ এবং ২০১৫/১৬ মৌসুমে টানা তিনবার, ভিয়ারিয়ালের হয়ে ২০২০/২১ মৌসুমে ইউরোপা জেতেন। কেবল ২০১৮/১৯ মৌসুমে টুর্নামেন্টটির ফাইনেল তার দল আর্সেনাল হেরেছিল চেলসির কাছে।