কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রভাব পর্যালোচনার জন্য শান্তিতে নোবেলজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং কানাডীয় এআই বিশেষজ্ঞ ইয়োশুয়া বেঞ্জিওসহ ৪০ জন বিশেষজ্ঞের নাম ঘোষণা করেছে জাতিসঙ্ঘ।

বুধবার জাতিসঙ্ঘ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

জাতিসঙ্ঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, তিন বছর মেয়াদী এই প্যানেলে আরো রয়েছেন গুগল ডিপমাইন্ড- এর রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ডিরেক্টর ফরাসি নাগরিক জোয়েল বারাল।

এছাড়া, মাইক্রোসফট ল্যাবের প্রিন্সিপাল রিসার্চ সায়েন্টিস্ট ইথিওপিয়ার গিরমাউ আবেবে তাদেসেও এই তালিকায় স্থান পেয়েছেন। তাদেসে মূলত টেকসই উন্নয়ন, মানবিক কাজ ও স্বাস্থ্যখাতে এআই-এর ব্যবহার নিয়ে কাজ করেন।

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি হবে প্রথম কোনো বৈশ্বিক ও সম্পূর্ণ স্বাধীন বৈজ্ঞানিক সংস্থা, যা এআই সম্পর্কিত জ্ঞানের ঘাটতি দূর করতে কাজ করবে। এছাড়া অর্থনীতি ও সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকৃত প্রভাবও মূল্যায়ন করবে এই প্যানেল।’

মহাসচিব জানান, চূড়ান্ত অনুমোদনের জন্য নামগুলো সাধারণ পরিষদে পেশ করা হবে। প্যানেলের সদস্যদের তালিকায় মেশিন লার্নিং, ডাটা গভর্ন্যান্স, সাইবার নিরাপত্তা, জনস্বাস্থ্য, শিশু উন্নয়ন এবং মানবাধিকারসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২৫ সালের আগস্টে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ এই প্যানেল গঠনের সিদ্ধান্ত নেয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি পর্যালোচনায় যেমন আইপিসিসি কাজ করে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এ প্যানেলটিও ঠিক তেমন ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

গুতেরেস আরো জানান, প্যানেলের সদস্যরা কোনো সরকার, কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে নয়, বরং সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের ব্যক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ করবেন।

আগামী জুলাই মাসে অনুষ্ঠেয় ‘জাতিসঙ্ঘ গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্ন্যান্স’-এর সময় এই প্যানেলের প্রথম প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews