নতুন মৌসুমের শুরুতেই শিরোপার স্বাদ পেল আর্সেনাল। ম্যানচেস্টার সিটিকে একেবারে উড়িয়ে দিয়ে কমিউনিটি শিল্ড জিতেছে মিকেল আর্তেতার দল। রোববার কার্ডিফে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়নের লড়াইয়ে আর্সেনালের জয় এসেছে ৩-০ গোলে। রিকার্দো কালাফিওরি, কাই হাভার্টজ ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডের গোলে দারুণ এক জয় তুলে নেয় লন্ডনের ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই আর্সেনালের আক্রমণাত্মক ফুটবলের সামনে দিশেহারা হয়ে পড়ে সিটি। কিক-অফের মাত্র ২৪ সেকেন্ডেই এগিয়ে যায় আর্সেনাল। মাইলস লুইস-স্কেলির দুর্দান্ত থ্রু পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে পাঠান ইতালিয়ান ডিফেন্ডার কালাফিওরি। ‘পেপ গার্দিওয়ালা-পরবর্তী’ সময়ে এনজো মারেস্কার অধীনে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় সিটি। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। ডান দিক থেকে ওডেগার্ডের বাড়ানো ক্রসে গ্রিক ফরোয়ার্ড ক্রিস্তস জলিস বল বাড়িয়ে দেন হাভার্টজকে। জার্মান ফরোয়ার্ডের হেড ঠেকাতে ঝাঁপিয়েও ব্যর্থ হন সিটির নতুন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।
দুই গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিটি। আর্লিং হালান্ডের সামনে দুটি ভালো সুযোগ এসেছিল। প্রথমটি লক্ষ্যভ্রষ্ট হয়, দ্বিতীয়টি দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। জেরেমি ডোকুর শটও আর্সেনালের রক্ষণে লেগে ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। বিরতির পরও আর্সেনালের দাপট কমেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দেন ওডেগার্ড। জলিসের পাস দারুণভাবে নিয়ন্ত্রণ করে ইয়োশকো ভার্দিওলকে কাটিয়ে এগিয়ে যান আর্সেনাল অধিনায়ক। এরপর দোন্নারুম্মাকে ভুল পথে পাঠিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি। শেষ দিকে সেমেনিওর একটি ভালো শট রায়া রুখে দিলে সিটির ম্যাচে ফেরার শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। বাকি সময়ে আর কোনো বড় বিপদে পড়তে হয়নি আর্সেনালকে।
শিরোপা দিয়ে মৌসুম শুরু করলেও সামনে দীর্ঘ পথের কথা মাথায় রেখে পুরোপুরি নিশ্চিন্ত নন আর্তেতা। ম্যাচ শেষে তিনি জানান, কয়েকটি পজিশনে চোটের কারণে দলের গভীরতা বাড়ানো প্রয়োজন। আর্তেতার ভাষায়, সঠিক সুযোগ এলেই প্রয়োজনীয় খেলোয়াড় দলে নেওয়ার চেষ্টা করবে ক্লাব। গত মে মাসে ২২ বছর পর লিগ শিরোপা জয়ের আনন্দ পেয়েছিল আর্সেনাল। যদিও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে হেরে মৌসুম শেষ করতে হয়েছিল তাদের। এবার নতুন মৌসুমের শুরুতেই কমিউনিটি শিল্ড জিতে আর্তেতার দল জানিয়ে দিল-বড় স্বপ্ন নিয়েই এগোচ্ছে তারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews