দেশের জনগণ যখন লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংকট ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপে দিশেহারা তখন কোনো কার্যকর গণশুনানি ছাড়াই বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর নতুন বোঝা চাপিয়ে দেওয়ার শামিল। এ সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াবে।অনতিবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে এ সব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, দেশের জনগণ যখন লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংকট ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপে দিশেহারা, তখন কোনো কার্যকর গণশুনানি ছাড়াই বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর নতুন বোঝা চাপিয়ে দেওয়ার শামিল। এ সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াবে।

তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব কৃষি, শিল্প, পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়বে, ফলে মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। জনগণ স্বস্তি চাইলেও বারবার তাদের কাঁধেই অতিরিক্ত চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই বাণিজ্যিকীকরণ দেশের অর্থনীতি ও জনজীবনের জন্য ক্ষতিকর। তিনি অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত এবং ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে এর প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর কারণে সব ধরনের পণ্য উৎপাদন ব্যয় বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে। একইসঙ্গে শিল্প খাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ফজলুল হক মৃধা, শেখ মো. আবু তাহের। নেতৃবৃন্দ বলেন, এই মুহূর্তে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। তারা বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে ফিরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ: বিদ্যুতের বিল বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, এমন এক সময়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে যখন দেশের সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটের কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। ফলে নতুন এই সিদ্ধান্ত জনগণের জীবনযাত্রার ব্যয়কে আরও অসহনীয় করে তুলবে।

বৃহস্পতিবার (৪ জুন) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, বিদ্যুৎ শুধু একটি সেবা নয়; এটি মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেলে তার প্রভাব সমাজের সর্বস্তরে পড়ে এবং দ্রব্যমূল্যের ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিবৃতিতে তারা জনগণের স্বার্থ রক্ষা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে বিদ্যুতের বিল বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews