“মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন”- স্লোগানকে সামনে রেখে  বসুন্ধরা শুভসংঘ তিতুমীর কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী সচেতনতামূলক পোস্টার প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) কর্মসূচির শুরুতে কলেজ ক্যাম্পাসের মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা মাদকবিরোধী সচেতনতামূলক পোস্টার প্রদর্শন করেন। এ সময় ক্যাম্পাসের শিক্ষার্থী ও পথচারীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজের মূল ফটক মুখরিত হয়ে ওঠে “মাদককে না বলুন” স্লোগানে। পরবর্তীতে ক্যাম্পাসের দ্বিতীয় ফটকসহ বিভিন্ন স্থানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ  করা হয়। পাশাপাশি মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে কাউন্সিলিং করেছেন বসুন্ধরা শুভসংঘ সরকারি তিতুমীর কলেজ শাখার সংগঠকরা।

কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে মাদক থেকে দূরে থাকার উপায়, মাদকের কুফল এবং সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংগঠকরা জানান, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না; এটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ওপরও ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলে। পোস্টার প্রদর্শন ও লিফলেট বিতরণের মাধ্যমে তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়।

সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি নয়ন আলী বলেন, বর্তমান সময়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী শিক্ষার্থী মাদকের দিকে ঝুঁকে পড়ছে। অনেকে প্রথমে শখের বশে মাদক গ্রহণ শুরু করলেও পরবর্তীতে তা ভয়াবহ নেশায় পরিণত হয়। ফলে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ, পরিবার এবং সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তাই তরুণদের সচেতন করে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সাধারণ সম্পাদক বায়জিদ হাসান বাঁধন বলেন, বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী কৌতূহল এবং অসৎ বন্ধু-বান্ধবের ফাঁদে পড়ে ভয়াবহ মাদকের নেশায় জড়িয়ে যাচ্ছে। মাদক একজন সুস্থ ও স্বাভাবিক মানুষকে ধীরে ধীরে অস্বাভাবিক জীবনের দিকে ঠেলে দেয়। এর ভয়াবহ প্রভাব শুধু একজন ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তবে সামাজিক সচেতনতা, পারিবারিক নজরদারি এবং ইতিবাচক পরিবেশ তৈরির মাধ্যমে এই সমস্যা অনেকাংশে দূর করা সম্ভব।

মাদকবিরোধী এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন বসুন্ধরা শুভসংঘ সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি নয়ন আলী, সহ-সভাপতি জাহিদ হাসান ও পূরবী সাহা জয়া, সাধারণ সম্পাদক বায়জিদ হাসান বাঁধন, সহ-দফতর সম্পাদক রুবাইয়েদ সাদী, অর্থবিষয়ক সম্পাদক সাব্বির সরকার, সংগঠনের সদস্য নাজিফা, আফরোজা আমিন মিম, মোশারফ হোসেইন, ফারিন ও সামিউল ইসলাম ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিডি-প্রতিদিন/এমএল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews