ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন দেশটির গ্রিন পার্টির প্রধান মারিন টোন্ডেলিয়ার। নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কায় এমন কঠোর পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন তিনি। তবে এর ফলে ইলন মাস্কের ক্ষোভের মুখে পড়েছেন তিনি। তাদের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। বৃহস্পতিবার তাদের এই পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশ্যে আসে।

সংবাদমাধ্যম বিএফএমটিভি সূত্রে জানা যায়, ফরাসি দৈনিক লিবারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে টোন্ডেলিয়ার মন্তব্য করেন, নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কায় ‘এক্স’-এর মতো প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ করা যেতে পারে। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইলন মাস্কের একধরনের ‘সর্বোচ্চতাবাদী মতাদর্শ’ রয়েছে এবং তিনি পুরো ইউরোপকে যুক্তরাষ্ট্রের কাছে সম্পূর্ণরূপে সমর্পিত করতে চান।

গ্রিন পার্টির এই নেত্রী আরও অভিযোগ করেন, ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলিতে অতি-ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালির সংসদীয় দলীয় প্রধান মারিন ল্য পেনকে ফ্রান্সে ক্ষমতায় দেখতে চান ইলন মাস্ক।

টোন্ডেলিয়ারের এসব বক্তব্যের জবাবে বৃহস্পতিবার ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ফ্রান্সের সঙ্গে দেশদ্রোহিতার অপরাধে তাকে স্তব্ধ করার দাবি জানাচ্ছি!’

মাস্কের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন টোন্ডেলিয়ার। তিনি বলেন, ইউরোপের কোন রাজনৈতিক নেতাকে নীরব রাখা উচিত, তা নির্ধারণের অধিকার কোনো বিদেশি ধনকুবেরকে ফ্রান্স দেবে না এবং তার কাছ থেকে দেশপ্রেমের পাঠ নেওয়ারও কোনো প্রয়োজন নেই।

মাস্কের উদ্দেশে তিনি আরও যোগ করেন, ‘গণতন্ত্র বিক্রির জন্য নয়। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কাছেও নয়।’ টোন্ডেলিয়ার স্পষ্ট জানান, গণতন্ত্র কেনার চেষ্টার চেয়ে গণতন্ত্র রক্ষার অভিযোগে অভিযুক্ত হওয়াকে তিনি বেশি সম্মানজনক বলে মনে করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews