ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হয়োস বলেছেন, ‘বাবা হোর্হে মেসির মৃত্যুর পর ফুটবলে ফেরার প্রক্রিয়ার মধ্যে থাকা লিওনেল মেসির ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

হোর্হে মেসি গত ৮ আগস্ট আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় শহর রোসারিওর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শুক্রবার হয়োস বলেন, ‘আমার মনে হয়, সবকিছু ধীরে ধীরে এগোনো উচিত। এর সাথে গভীর বেদনা জড়িয়ে আছে এবং এটি এমন কিছু নয়, যা রাতারাতি বদলে যায়।’

‘তাই আমি মনে করি, নীরবতাই সবচেয়ে ভালো পথ- নীরবতা, প্রশান্তি ও শান্তি। তাকে নিজের মতো করে সময় খুঁজে নিতে দিতে হবে। আমাদেরও তার পাশে থেকে সেই নীরবতার অংশীদার হতে হবে। আমার কাছে নীরবতা গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত এটি মানুষকে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেতে সাহায্য করে। সে সত্যিই অসাধারণ একজন মানুষ এবং তার পরিবারও অসাধারণ।’

গত শনিবার রাতে বিমানে রোসারিও যান মেসি। আর্জেন্টিনার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে তিনি বাবার শেষকৃত্যে অংশ নেন। একান্ত ব্যক্তিগত ওই অনুষ্ঠানে পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য ছাড়াও মেসির সতীর্থরা উপস্থিত ছিলেন। পরে মায়ামিতে ফিরে এসে বুধবার লিগস কাপের ম্যাচে ক্লাব লিওনের বিপক্ষে ইন্টার মায়ামির সাথে যোগ দেন।

লিওনের বিপক্ষে ম্যাচটি মেসি বেঞ্চে থেকে শুরু করেন। পরে বিরতির পর বদলি হিসেবে মাঠে নেমে দ্বিতীয়ার্ধের পুরো ৪৫ মিনিট খেলেন তিনি। মাঠে নামার সময় ন্যু স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

দলের প্রতি মেসির অঙ্গীকার সম্পর্কে হয়োস বলেন, ‘এ বিষয়ে বলার মতো কোনো শব্দ নেই। একজন মানুষ হিসেবে তার মূল্যকে কীভাবে বর্ণনা করব, আমি জানি না। আমরা এখানে একজন খেলোয়াড় হিসেবে তার মূল্য নিয়ে কথা বলছি না, বরং বিশাল হৃদয়ের একজন অসাধারণ মানুষ হিসেবে তার মূল্য নিয়ে কথা বলছি। কখনো কখনো শব্দই যথেষ্ট হয় না।’

শুক্রবার সকালে দলের অন্য খেলোয়াড়দের সাথে অনুশীলন করেছেন মেসি। শনিবার এমএলএসের ম্যাচে ন্যাশভিল এসসির মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিয়েছে ইন্টার মায়ামি।

আসন্ন ম্যাচগুলোতে মেসির খেলার সময় এবং দলের অধিনায়কের সাথে যোগাযোগ কীভাবে পরিচালনা করবেন- এ বিষয়ে জানতে চাইলে ইন্টার মায়ামির কোচ আবারো নীরবতা ও ব্যক্তিগত গোপনীয়তার গুরুত্বের কথা বলেন।

হয়োস বলেন, ‘কিছু বিষয় গভীরভাবে ব্যক্তিগত। আপনাদের প্রত্যেকেরও যেমন নিজস্ব ব্যক্তিগত বিষয় রয়েছে।’

“আমি যদি এসে আপনাদের একের পর এক প্রশ্ন করতে থাকি, আপনারাও হয়তো বলবেন, ‘এটা ব্যক্তিগত বিষয়।’”

‘এ কারণেই আমি নীরবতার কথা বলছি। অনেক মানুষ নীরবতার মূল্য বোঝেন না। তারা কথা বলতে এবং নিজেদের মতামত দিতে ভালোবাসেন। কিন্তু আমার কাছে বিষয়টি হলো এই সীমারেখাগুলোকে সত্যিকার অর্থে সম্মান করা। সে এমন একজন মানুষ, যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ স্বাভাবিক। আর আমরা সেটিকে গভীরভাবে সম্মান করি।’

জিওডিস পার্কে ম্যাচের পর আগামী বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলতে যাবে মায়ামি।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews