স্থানীয় নির্বাচনের তোড়জোড় শুরুর আগেই বিভিন্ন সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করে বসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তা রাজনৈতিক অঙ্গনে তৈরি করে কৌতূহল। প্রশ্ন আসে, এনসিপি কি তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকছে না? এর মধ্যে জামায়াতও স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার পরিকল্পনা নিয়ে এগোতে শুরু করেছে।
তাহলে এনসিপি কী করবে—এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দলটির নেতাদের কাছ থেকে জানা গেল, দুই ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে তারা। আপাতত এককভাবে নির্বাচনের প্রস্তুতি গুছিয়ে রাখছে তারা। জোট গঠনের সিদ্ধান্ত হলে তা হবে নির্বাচনের আগে।
স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সে বিষয়ে সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। তবে এ বছরের শেষ দিকে তা শুরু হবে বলে ৫ মে এক সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।