ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালকে সামনে রেখে ভারতের বোলিং পরিকল্পনা নিয়ে মত দিয়েছেন দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ কার্তিক। তার মতে, এই ম্যাচে ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক।
কার্তিক মনে করেন, পেসার জসপ্রীত বুমরাহকে শুরুতেই আক্রমণে না এনে পরিস্থিতি বুঝে পরে ব্যবহার করা উচিত। বিশেষ করে ব্রুক যখন ব্যাটিংয়ে নামবেন, তখনই বুমরাহকে বোলিংয়ে আনা কৌশলগতভাবে বেশি কার্যকর হতে পারে। তার পরামর্শ, ব্রুককে দ্রুত ফেরাতে বুমরাহ ও বরুন চক্রবর্তীকে দুই প্রান্ত থেকে একসঙ্গে আক্রমণে আনা যেতে পারে।
চলতি বিশ্বকাপে ব্রুকের শুরুটা ছিল অনিয়মিত। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে অর্ধশতক করার পর টানা চার ম্যাচে ব্যর্থ হন তিনি। তবে পরের পর্বে পাকিস্তানের বিপক্ষে তিন নম্বরে নেমে খেলেন ম্যাচ জেতানো শতকের ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষেও দলীয় বিপর্যয়ের সময় আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন, যদিও ২৬ রানে থেমে যান।
কার্তিক আরও বলেন, ইংল্যান্ডের দুই ওপেনারকে থামাতে শুরুতে আক্রমণে আনা যেতে পারে আর্শদিপ ও হার্দিককে। তার মতে, নির্দিষ্ট প্রতিপক্ষভিত্তিক পরিকল্পনায় এ কৌশল কার্যকর হতে পারে।
তবে পরিসংখ্যান ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে পাঁচবার মুখোমুখি হয়ে বুমরাহ মাত্র একবার আউট করতে পেরেছেন ব্রুককে। অন্যদিকে, আর্শদিপ তিন ম্যাচে চারবার তাকে ফিরিয়েছেন।
বিডি প্রতিদিন/মুসা