ইরানের যুদ্ধ বন্ধে চলমান আলোচনা ব্যর্থ হলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে টোল বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্রের এতদিনের খরচের ক্ষতিপূরণ হিসেবে এই টোল আদায় করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। 

ফরাসি বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে যদি শেষ পর্যন্ত কোনো চুক্তি না হয়, তবে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টোল বসানো হবে। টোলের অর্থ সরাসরি যুক্তরাষ্ট্রের তহবিলে যাবে। যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ বা অভিভাবক হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের দেশগুলোকে নিরাপত্তা দিয়ে আসছে মার্কিন বাহিনী। এই সুরক্ষার পেছনে ওয়াশিংটনের যে বিপুল অর্থ খরচ হচ্ছে, তা উশুল করতেই এই টোল আরোপের পরিকল্পনা করা হচ্ছে।

বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ প্রতিদিন হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই জলপথে যুক্তরাষ্ট্রের টোল বসানোর এমন হুমকি আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews