নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না। আগামীকাল শুক্রবার (২৬ জুন) পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
এতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে- বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মিতব্য সেতুর পাশে বিদ্যমান পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ এলাকাগুলো হলো- ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকা। এছাড়াও উল্লেখিত সময়ে এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।