স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীর গাজীবাড়ি বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও মালামাল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টা ২ মিনিটে টঙ্গীর গাজীবাড়ি এলাকার বউবাজারে পাঁচ কক্ষবিশিষ্ট একটি জুতার কারখানায় আগুন লাগার সংবাদ পায় টঙ্গী ফায়ার স্টেশন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহিন আলমের (বিএফএমএস) নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৫টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের চেষ্টায় সকাল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৬টা ৩ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় এক কোটি টাকার মালামাল ও আশপাশের স্থাপনা রক্ষা করা সম্ভব হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরবেলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক উপস্থিতির কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews