ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ডাক দিয়েছে ‘সিটিজেনস এগেইনস্ট করাপশন’ (সিএসি)।
শুক্রবার ‘মে দিবস’ উপলক্ষে আয়োজিত রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল— “শ্রমিকের অধিকার, দুর্নীতির অবসান: সমৃদ্ধ আগামীর স্বচ্ছ অভিযান”।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও তারা এখনো ন্যায্য মজুরি, কর্মস্থলের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। বিশেষ করে গার্মেন্টস, নির্মাণ ও পরিবহন খাতের শ্রমিকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্র ও মালিকপক্ষকে আরো আন্তরিক হতে হবে।
তারা বলেন, দেশে দুর্নীতিমুক্ত প্রশাসন এবং স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে শ্রমিকের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অনিয়ম ও দুর্নীতি দূর করার মাধ্যমেই বাংলাদেশকে একটি শ্রমিকবান্ধব, ব্যবসাবান্ধব ও নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব মার্গুব মোর্শেদ বলেন, "দুর্নীতিমুক্ত প্রশাসন এবং শ্রমিকবান্ধব নীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র, মালিক ও শ্রমিক—এই তিন পক্ষের মধ্যে যথাযথ জবাবদিহিতা এবং সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে।"
সভাপতির বক্তব্যে সিটিজেনস এগেইনস্ট করাপশনের (সিএসি) চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, "শ্রমিকরা শোষিত হলে দেশ পিছিয়ে পড়ে। বৈষম্য দূর করতে হলে অবিলম্বে কার্যকর শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন ও তার বাস্তবায়ন প্রয়োজন। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি শ্রমিকের জন্য ন্যায্য বেতন, চিকিৎসাসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত থাকবে।"
সংগঠনের জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সিএসি-এর উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী ড. মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব খোরশেদ আলম খসরু, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, রাজনৈতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান রিজু, কবি আশরাফুল ইসলাম ও সংগঠনের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন।