আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার ধাক্কা সামলাতে পাকিস্তানে আবারও বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। দেশটির পেট্রোলিয়াম ডিভিশনের ঘোষণা অনুযায়ী, লিটারপ্রতি পেট্রোলের দাম ৪.৪০ পাকিস্তানি রুপি বাড়িয়ে ৩৩১.৫২ রুপি এবং হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম ৩.৬২ রুপি বাড়িয়ে ৩৭৮.৬৬ রুপি নির্ধারণ করা হয়েছে।

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতা ও বৈরী পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করছে। এর প্রত্যক্ষ প্রভাব হিসেবেই এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। বর্তমানে নতুন এই মূল্যের মধ্যে পেট্রোলে লিটারপ্রতি ১১০ রুপি এবং ডিজেলে ৯৬ রুপি সরকার বিভিন্ন ট্যাক্স ও শুল্ক হিসেবে আদায় করছে।

দৈনিক ভিত্তিতে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত
সম্প্রতি পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দ্রুত পরিবর্তনশীল দামের সাথে সামঞ্জস্য রেখে এখন থেকে তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ওগ্রা) প্রতিদিনের ভিত্তিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করবে। তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ‘অল পাকিস্তান ডিলার্স অ্যাসোসিয়েশন’। প্রতিদিন দাম বদলের নিয়মের প্রতিবাদে তারা চলতি সপ্তাহেই আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে।

পাকিস্তানে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির ব্যবহৃত বাইক, রিকশা ও ব্যক্তিগত যানবাহনে পেট্রোল মূল জ্বালানি হওয়ায় এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ছে। অন্যদিকে গণপরিবহন, ভারী পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনে ডিজেল ব্যবহৃত হওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews