বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন বিজিডি ই-গভ সার্ট আয়োজিত জাতীয় পর্যায়ের ‘ফিনসিআইআই সাইবার ড্রিল ২০২৬’-এ চমৎকার সাফল্য অর্জন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র দল ‘সাইবারস্যাভি’। দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তারা।
আর্থিক খাতের সাইবার নিরাপত্তা জোরদার এবং পেশাদারদের দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন ফিন্যান্সিয়াল সেক্টরের মোট ৬৮টি দল অংশ নেয়।
দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সাইবার নিরাপত্তা দক্ষতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের জন্য বেশ কিছু জটিল চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সাইবার আক্রমণ শনাক্তকরণ, ইনসিডেন্ট রেসপন্স, ডিজিটাল ফরেনসিকস এবং সিকিউরিটি অ্যানালাইসিসের মতো প্রযুক্তিগত বিষয়। সমাপনী শেষে প্রকাশিত চূড়ান্ত স্কোরবোর্ডে দেখা যায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ দলটি সর্বমোট ৫৭৫০ স্কোর অর্জন করে বাকি সব দলকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের মাথায় তুলে নেয়।
এদিকে, প্রতিযোগিতার অন্যান্য ফলাফলে রানার্স-আপ বা দ্বিতীয় স্থান অর্জন করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র দল ‘ডিবিবিএল সাইবার স্কোয়াড’। আর সমপরিমাণ তীব্র লড়াই শেষে প্রতিযোগিতায় তৃতীয় স্থানটি নিজেদের দখলে নিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের দল ‘সিবিবিএল ওয়ারিয়র’।
ব্যাংকিং ও আর্থিক খাতের ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষায় এই ধরনের সাইবার ড্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বিডি প্রতিদিন/কেএইচটি