গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। দেশের ২১টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নিচ্ছেন ১ লাখ ৬৬ হাজার ১০২ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়-এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।

ভর্তি সংক্রান্ত তথ্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ ইউনিটে ২৫ হাজার ১৮৫ জন আবেদন করেছেন।

পরীক্ষা নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews