দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালতে হাজিরা দিতে গেলে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো: ইব্রাহিম খলিলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গাজীপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবির এ আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ মামলায় আসামি হিসেবে তিনি নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে হাজিরা দিতে যান। এ সময় আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অস্বাভাবিক ব্যাংক লেনদেনের বিষয়টি তদন্তে উঠে এসেছে।

তবে ইব্রাহিম খলিলের ঘনিষ্ঠজন ও আইনজীবী সূত্র দাবি করেছে, মামলাটি এখনো বিচারাধীন এবং অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাকে নির্দোষ হিসেবে বিবেচনা করার সুযোগ থাকা উচিত।

তাদের ভাষ্য অনুযায়ী, ‘এটি একটি চলমান আইনি প্রক্রিয়া। আমরা আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং আশা করছি, ন্যায়বিচারের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে। ইব্রাহিম খলিল সবসময় আইন মেনে চলেছেন এবং ভবিষ্যতেও আইনি লড়াই চালিয়ে যাবেন।’

গাজীপুর মহানগর কোর্ট ইন্সপেক্টর মো: আহসানুল্লাহ চৌধুরী জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews