উত্তর আমেরিকায় বসবাসরত সন্দ্বীপবাসীদের অন্যতম প্রাচীন সংগঠন ‘সন্দ্বীপ এসোসিয়েেনের’ কার্যক্রমে গতি ফেরাতে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নির্মাণ ব্যবসায়ী ও সমাজকর্মী সিরাজুল মাওলাকে আহ্বায়ক এবং সমাজসেবক আব্দুল কাদের মিয়াকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়।
গত ১৩ জুন নিউইয়র্ক সিটির ব্রুকলিনের লিটল বাংলাদেশ এলাকায় অবস্থিত রাধুনি রেস্টুরেন্টে সংগঠনটির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও বিশিষ্টজনদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আবুল কাশেম (অর্থবিষয়ক), মোহাম্মদ নোয়াব, হুমায়ূন কবির, মবিনুল হক সুমন, মোহাম্মদ মামুন, ছায়দুল কাদের এবং তরিকুল ইসলাম মাসুম।
বৈঠকে জানানো হয়, ২০১৭ সালে গঠিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ ছিল দুই বছর। তবে প্রায় নয় বছর পেরিয়ে গেলেও নতুন কমিটি গঠন কিংবা সংগঠনকে সক্রিয় করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমও দীর্ঘদিন বন্ধ ছিল। ফলে ৩৯ বছরের পুরোনো সংগঠনটি কার্যত স্থবির হয়ে পড়ে।
এ অবস্থায় বিদ্যমান কমিটির সব সদস্যকে অব্যাহতি দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে সদস্য সংগ্রহের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে নতুন কমিটি।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি রেফায়েত উল্লাহ চৌধুরী। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেলিম এবং নবগঠিত আহ্বায়ক সিরাজুল মাওলা। প্রধান অতিথি ছিলেন ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি আলহাজ মো. আবুল হাশেম।
সভায় সংগঠনের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল মাওলা, মফিজুর রহমান, নজরুল ইসলাম বাবুল, নূরল আমিন ও মোস্তফা কামাল পাশাসহ অনেকে। বক্তারা সংগঠনের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং প্রবাসী সন্দ্বীপবাসীদের মধ্যে ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের অচলাবস্থার কারণে সংগঠনটি প্রবাসী সন্দ্বীপবাসীদের আস্থা হারিয়েছে। এছাড়া সংগঠনটিকে সেবামূলক অলাভজনক সংগঠনের পরিবর্তে বাণিজ্যিক সংগঠন হিসেবে নিবন্ধনের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন বক্তা।
নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক সিরাজুল মাওলা ও সদস্যসচিব আব্দুল কাদের মিয়া প্রবাসী সন্দ্বীপবাসীদের সহযোগিতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, সবার অংশগ্রহণে সংগঠনটি আবারও প্রবাসে সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে।
বিডি-প্রতিদিন/এআইএস