স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল হ্যামস্ট্রিং ইনজুরির পর ভয় পাচ্ছিলেন যে তিনি হয়তো বিশ্বকাপ মিস করবেন। তবে সেই ভয় কেটে গেছে। আশা করা হচ্ছে ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের শুরু থেকেই তিনি খেলতে পারবেন।
গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগা ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পরই বাম হ্যামস্ট্রিংয়ে চোট পান ইয়ামাল। গোল করার পরই তিনি বেঞ্চের দিকে ইঙ্গিত দেন এবং মাটিতে পড়ে যান।
ইয়ামাল বলেন, “আমি ভেতরে ভেতরে প্রার্থনা করছিলাম যেন এটা গুরুতর না হয়, শুধু ক্র্যাম্প হয়। কারণ বিশ্বকাপ খুব কাছেই ছিল।”
কোচ লুইস দে লা ফুয়েন্তে গত সপ্তাহে ইয়ামালকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছেন এবং জানিয়েছেন, তিনি প্রথম বা দ্বিতীয় ম্যাচেই খেলতে পারবেন।
আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভর্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। একই মাঠে ২১ জুন তাদের প্রতিপক্ষ সৌদি আরব। ২৬ জুন উরুগুয়ে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়না।
২০১০ সালে নিজেদের একমাত্র বিশ্বকাপ জিতেছিল স্পেন। এবার ইউরো চ্যাম্পিয়ন হিসেবে তারা দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়ে নামছে।
ইয়ামাল বলেন, “ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর থেকেই আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। আমরা খুবই উচ্ছ্বসিত এবং সবকিছু উজাড় করে দেব।”
মাদ্রিদে শনিবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে স্পেন। রবিবার তাদের প্রথম অনুশীলন দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রায় ২ হাজার দর্শক।