চোটের কারণে যশপ্রীত বুমরাহ শ্রীলঙ্কা সফরের টেস্ট দল থেকে ছিটকে যাওয়ায় তার জায়গায় প্রথমবারের মতো ভারতীয় দলে সুযোগ পেয়েছেন জম্মু ও কাশ্মিরের পেসার আকিব নবি।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ হাঁটুতে চোট পান বুমরা। চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে দলে রাখা হয়নি। এর আগে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বুমরার বিকল্প হিসেবে আকিবের নাম আলোচনায় ছিল।

দল ঘোষণার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, নির্বাচক কমিটি বুমরার পরিবর্তে আকিব নবিকে দলে অন্তর্ভুক্ত করেছে। জম্মু ও কাশ্মিরের এই পেসারের জন্য এটি জাতীয় দলে প্রথম সুযোগ।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই নির্বাচকদের নজরে আসেন আকিব। রঞ্জি ট্রফির সবশেষ দুই মৌসুমে তিনি নিয়েছেন ১০৪ উইকেট। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমে একাই শিকার করেছেন ৬০ উইকেট। তার কার্যকর বোলিংয়ের ওপর ভর করেই রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জেতে জম্মু ও কাশ্মির।

জাতীয় দলে অভিষেকের আগে ভারত ‘এ’ দলের হয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আকিব। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারত ‘এ’ দলের হয়ে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ৬ উইকেট। সেই পারফরম্যান্সও তাকে জাতীয় দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে দেয়।

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৫ আগস্ট। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে গলে। এরপর ২৩ আগস্ট কলম্বোতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ।

শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টেস্ট দল
শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, আকিব নবি, দেবদূত পাডিক্কাল ও সারাংশ জৈন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews