রাজধানীর গুলশান-শাহজাদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (প্রায় ৫০) বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুলশান থানার (এসআই) অনিন্দ্য তালুকদার জানান, ভোরে শাহজাদপুর এলাকায় সড়কে কোনো অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তবে কোন যানবাহনটি দুর্ঘটনার সাথে জড়িত ছিল তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহত নারী ভিক্ষুক শ্রেণির হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার পরনে লাল প্রিন্টের শাড়ি ছিল।
এসআই অনিন্দ্য তালুকদার আরো জানান, নিহত নারীর পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।