রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শতাধিক ডেড বডি ব্যাগ প্রদান করেছেন ঢাকা সিটি উত্তর নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উদ্দিন। মানবিক সহায়তার অংশ হিসেবে এই সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার ঢাকা সিটি উত্তর নাগরিক উন্নয়ন ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে উপস্থিত থেকে এই মানবিক সহায়তা গ্রহণ করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান এবং উপ-পরিচালক ডা. নীহার রঞ্জন নন্দী। তারা ফোরামের এ উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাকের এডমিন ইনচার্জ মু. জুবায়ের হোসাইন রাজন, সান ফোর্স কোম্পানির স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মু. মিজানুর রহমান, শিক্ষা কো-অর্ডিনেটর রায়হান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্তমানবতার সেবায় ঢাকা সিটি উত্তর নাগরিক উন্নয়ন ফোরাম ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।