রণাঙ্গনে জব্দ করা অত্যাধুনিক রুশ অস্ত্রের প্রযুক্তিগত সব গোপন তথ্য এবার মিত্র দেশগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরছে ইউক্রেন। পশ্চিমা দেশ ও সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রফিল্যাব’ নামের একটি সুরক্ষিত ওয়েবসাইট বা ডিজিটাল তথ্যভাণ্ডার চালু করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের সেনা, বিজ্ঞানী ও গবেষকেরা উদ্ধার হওয়া রুশ সমরাস্ত্র নিয়ে নিবিড় গবেষণা চালিয়ে আসছেন। দেশটির সশস্ত্র বাহিনী, প্রধান গোয়েন্দা পরিদপ্তর (জিইউআর), নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) এবং বিশেষায়িত বিজ্ঞান সংস্থাগুলোর সংগ্রহ করা নিখুঁত তথ্যের সমন্বয়ে এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।

অস্ত্রগুলোর যন্ত্রাংশের ধরন, নকশা ও কারিগরি ত্রুটি নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে এই ওয়েবসাইটে। বর্তমানে এতে ৭৯টি ভিন্ন বিভাগের ১১৫টির বেশি জব্দ করা অস্ত্রের তথ্য সংরক্ষিত আছে। এছাড়া যুক্ত করা হয়েছে ২২৫টির বেশি কারিগরি গবেষণার ফলাফল। রুশ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ভারী সামরিক যান কীভাবে কাজ করে, তার নকশা ও পরীক্ষার বিশদ প্রতিবেদন অনুমোদিত ব্যবহারকারীরা সহজেই দেখতে পারবেন।

শুধু অনলাইনে তথ্য দেখাই নয়, যাচাইকৃত অংশীদাররা চাইলে সরাসরি এসব অস্ত্রের বাস্তব নমুনা পরীক্ষা করার জন্যও আবেদন করতে পারবেন। প্রকৌশলীদের চাহিদা অনুযায়ী তারা এসব অস্ত্রের বাহ্যিক পরীক্ষা থেকে শুরু করে সম্পূর্ণ যন্ত্রাংশ খুলে বিশ্লেষণ (প্রয়োজনে পুরোপুরি ধ্বংস করে পরীক্ষা) করতে পারবেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের বিশ্বাস, গবেষণার এই সুযোগের ফলে প্রকৌশলীরা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারবেন। পাশাপাশি রুশ অস্ত্রের মোকাবিলায় দ্রুত নতুন প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তোলা সম্ভব হবে।

তবে ‘ট্রফিল্যাব’ ব্যবহারের জন্য আগ্রহী ব্যবহারকারীদের আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। আবেদনকারীর সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক আছে কি না বা তিনি আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় আছেন কি না, তা কঠোরভাবে যাচাই করার পরই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রবেশের অনুমতি দেবে।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews