বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো রাজনৈতিক বা ঐতিহাসিক ঘটনার সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। যাঁরা সংবিধানের প্রস্তাবনায় ’২৪ ও ’৭১–কে একসঙ্গে দেওয়ার প্রস্তাব করেছেন, তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসংগ্রাম।’
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথাগুলো বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘অবশ্যই ছাত্র গণ–অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, ভূমিকা রেখেছেন এবং ছাত্র নেতৃবৃন্দ যাঁরা নেতৃত্ব দিয়েছেন, সবার অবদানকে আমরা স্বীকৃতি দিই। এটাই আমাদের উদারতা। আমরা কারও বিজয়কে ছিনিয়ে নিতে চাই না। কারও ভূমিকাকে কেড়ে নিতে চাই না। কিন্তু সবাই মিলে একাত্তরকে আমরা আগে সম্মান করব। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখব। তারপরে আসবে ’৭৫, ’৭৯, ’৯০, ’২৪ সবকিছু।’