ভ্রমণের সময় লাগেজ হারিয়ে যাওয়া অনেক যাত্রীর জন্য বড় ভোগান্তির কারণ। এই সমস্যার সমাধানে নতুন একটি ফিচার চালু করেছে Google–এর Google Find Hub। এর মাধ্যমে ব্যবহারকারীরা হারিয়ে যাওয়া লাগেজের অবস্থান সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে শেয়ার করতে পারবেন।

গুগলের নতুন ‘শেয়ার আইটেম লোকেশন’ টুলটি একটি নিরাপদ এবং নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর লিংক তৈরি করে। এই লিংকের মাধ্যমে এয়ারলাইন্স কর্তৃপক্ষ হারানো ব্যাগের রিয়েল-টাইম অবস্থান দেখতে পারে। এতে ব্যবহারকারীকে তার ফোন বা অ্যাকাউন্টের অতিরিক্ত কোনো অ্যাক্সেস দিতে হয় না।

কী লাগবে এই ফিচার ব্যবহার করতে

হারানো লাগেজ ট্র্যাক করতে কয়েকটি বিষয় প্রয়োজন হবে—

১. একটি অ্যান্ড্রয়েড ডিভাইস, যেখানে Google Find Hub অ্যাপ ইনস্টল করা আছে

২. ফাইন্ড হাব সমর্থিত ট্র্যাকার ট্যাগ বা নেটওয়ার্ক অ্যাকসেসরি, যা লাগেজে যুক্ত থাকবে

৩. এমন একটি এয়ারলাইন্স, যারা এই সুবিধা সমর্থন করে

তবে নতুন Samsonite স্যুটকেসের কিছু মডেলে ইতোমধ্যে ফাইন্ড হাব প্রযুক্তি বিল্ট-ইনভাবে দেওয়া হয়েছে। ফলে এগুলো কিনলেই সরাসরি ট্র্যাকিং নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা যায়।

যেভাবে এয়ারলাইন্সের সঙ্গে লোকেশন শেয়ার করবেন

লাগেজ হারিয়ে গেলে ফাইন্ড হাব অ্যাপ ব্যবহার করে সহজেই লোকেশন শেয়ার করা যায়—

১. আইটেম নির্বাচন করুন: ফাইন্ড হাব অ্যাপ খুলে হারানো ব্যাগটি নির্বাচন করুন।

২. লিংক তৈরি করুন: ‘শেয়ার আইটেম লোকেশন’ অপশনে ট্যাপ করে একটি নিরাপদ ইউনিক ইউআরএল তৈরি করুন।

৩. এয়ারলাইন্সকে পাঠান: লিংকটি কপি করে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অ্যাপ বা ওয়েবসাইটে পেস্ট করুন।

৪. শেয়ার বন্ধ করুন: যেকোনো সময় অ্যাক্সেস বাতিল করা যাবে, অথবা নির্দিষ্ট সময় শেষে লিংকটি নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে।

এ ছাড়া ব্যবহারকারীর ফোন যদি শনাক্ত করে যে লাগেজটি আবার তার কাছে ফিরে এসেছে, তাহলে লোকেশন শেয়ারিং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

যেসব এয়ারলাইন্সে সুবিধাটি পাওয়া যাচ্ছে

গুগল ইতোমধ্যে ১০টির বেশি আন্তর্জাতিক এয়ারলাইন্সের সঙ্গে এই ফিচার চালু করেছে। বর্তমানে সুবিধাটি দিচ্ছে— ১. তুর্কি এয়ারলাইনস ২. এয়ার ইন্ডিয়া ৩. এজেট (AJet) ৪. চায়না এয়ারলাইনস ৫. লুফথানসা গ্রুপ (লুফথানসা, অস্ট্রিয়ান এয়ারলাইনস, ব্রাসেলস এয়ারলাইনস ও সুইস) ৬. সৌদিয়া ৭. স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনস (এসএএস)

গোপনীয়তা ও নিরাপত্তা

গুগল জানিয়েছে, ফিচারটি তৈরির সময় ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে রয়েছে—

এনক্রিপশন: ডিভাইসের লোকেশন ডেটা সম্পূর্ণ এনক্রিপ্টেড

ব্যবহারকারীর নিয়ন্ত্রণ: ব্যবহারকারী নিজেই ঠিক করবেন কার সঙ্গে লিংক শেয়ার করবেন

স্বয়ংক্রিয় মেয়াদ শেষ: লিংক সাত দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হবে

অটো-ডিসেবল: লাগেজ ফিরে এলে লোকেশন শেয়ারিং নিজে থেকেই বন্ধ হবে

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ফিচার চালু হওয়ায় বিমানযাত্রায় হারিয়ে যাওয়া লাগেজ খুঁজে পাওয়া আগের তুলনায় দ্রুত ও সহজ হবে।

বিডি-প্রতিদিন/সুজন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews