কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে সিরাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। ঘটনার ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সিরাজ উদ্দিন ওই গ্রামের রাজা মোড়ল বাড়ির মরহুম রইছ উদ্দিনের ছেলে।

নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারে ফায়ার সার্ভিস কিশোরগঞ্জ ইউনিটের একটি ডুবুরি দল একটানা অভিযান চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে সহায়তা করছেন। উদ্ধার অভিযান তদারকি করতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ও পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নৌকাডুবির এক ঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হয়। একপর্যায়ে সন্ধ্যায় উদ্ধারকাজ সাময়িক স্থগিত করা হয় এবং শনিবার (১১ জুলাই) দুপুর থেকে পুনরায় নতুন উদ্যমে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। গতকাল তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করা হলেও আজ দুপুর থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, শুক্রবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে ছেলে শাকিলকে সাথে নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে ওপারে ঘাস কাটতে গিয়েছিলেন সিরাজ উদ্দিন। ঘাস কাটা শেষে বাবা ও ছেলে দু’টি আলাদা ডিঙি নৌকায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। ওই সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং তীব্র বাতাসের কারণে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। কিছুদূর যাওয়ার পরই বাতাসের তোড়ে সিরাজ উদ্দিনের নৌকাটি ডুবে যায়। পাশে থাকা নৌকা থেকে ছেলে শাকিল দ্রুত এগিয়ে এলেও তীব্র স্রোতের কারণে বাবাকে টেনে তুলতে পারেননি। মুহূর্তের মধ্যেই সিরাজ উদ্দিন নদীতে তলিয়ে যান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews