বিষয়টা আগেই নিশ্চিত ছিল। আরেকটু স্পষ্ট করে বললে, গেল বুধবারে। তবে আনুষ্ঠানিকতার বালাই ছিল। সে বালাই গত রাতে শেষ করেছে বার্সেলোনা।
জানিয়ে দিয়েছে ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডনকে দলে নেওয়ার কথা। নিউক্যাসল ইউনাইটেড থেকে তাকে কেনা হয়েছে। চুক্তির মোট মূল্য ৮ কোটি ইউরো বা প্রায় ৯ কোটি ৩০ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।
বার্সেলোনা এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, গর্ডন ‘আগামী পাঁচ মৌসুমের জন্য, ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত’ চুক্তি সই করেছেন। ২৫ বছর বয়সী এই লেফট উইঙ্গার এই মৌসুমে নিউক্যাসলের হয়ে ১৭টি গোল করেছেন। এর মধ্যে ১০টি এসেছে চ্যাম্পিয়ন্স লিগে। এই মৌসুমে তিনিই ছিলেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা।
ইংল্যান্ডের বিশ্বকাপ দলেও জায়গা পাওয়া গর্ডন বার্সার আক্রমণভাগকে শক্তিশালী করবেন। এই মৌসুম শেষে চুক্তি শেষ হওয়ায় পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি বার্সা ছাড়ছেন। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কাস রাশফোর্ডও চলে যেতে পারেন।
আরও পড়ুন
আরও পড়ুন বায়ার্নের পর এবার রিয়াল-পিএসজির ‘মুখের গ্রাস’ কেড়ে নিতে চাইছে বার্সা
-6a1902b991bc1.jpg)
লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা আরও কিছু খেলোয়াড় কিনতে চাইছে। আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে দলে নেওয়ার কথা শোনা যাচ্ছে। রাশফোর্ডকে ধরে রাখার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেয়নি ক্লাব।
তিন বছরের কঠোর সাশ্রয়ের পর এবং আংশিকভাবে পুনর্নির্মিত ক্যাম্প নু স্টেডিয়াম আবার খুলে দেওয়ার পর বার্সেলোনার আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো। লা লিগার কঠোর আর্থিক নিয়মের মধ্যেও তারা এখন বেশি খরচ করতে পারছে।
লেভান্ডভস্কির বিদায় ও রাশফোর্ডের ধার শেষ হওয়ায় বার্সার হাতে বাড়তি বাজেট তৈরি হয়েছে। রুনি বারজি, আনসু ফাতি ও মার্ক আন্দ্রে টের স্টেগেনও ক্লাব ছাড়তে পারেন।
নিউক্যাসলের ইতিহাসে গর্ডনের এই বিক্রয়মূল্য দ্বিতীয় সর্বোচ্চ। গত গ্রীষ্মে লিভারপুল আলেকজান্ডার ইসাককে ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে কিনেছিল, যা এখনো ক্লাবের সর্বোচ্চ বিক্রয়মূল্য।
গর্ডনের বিকল্প হিসেবে নিউক্যাসল রিয়াল বেটিসের উইঙ্গার এজ আবদেকে নিতে পারে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।
২০২৩ সালে এভারটন থেকে ৪ কোটি ৫০ লাখ পাউন্ডে গর্ডনকে কিনেছিল নিউক্যাসল। চুক্তি অনুযায়ী এই বিক্রয় থেকে পাওয়া মুনাফার ১৫ শতাংশ পাবে এভারটন।