বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলকে হুইলচেয়ার উপহার দিয়েছে পাকিস্তান হাইকমিশনার। শনিবার (৪ এপ্রিল) রাতে ঢাকায় পাকিস্তান হাউসে হুইলচেয়ার হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শারীরিক প্রতিবন্ধী বিভাগে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার স্বাগত বক্তব্যে বলেন, ক্রিকেটের একটি সমৃদ্ধ ইতিহাস, শক্তিশালী ঐতিহ্য এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিসহ সমাজের সকল স্তরের মানুষের মধ্যে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ক্রিকেট একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা, যা সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে সমাদৃত, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যেও এর জনপ্রিয়তা বাড়ছে।

তিনি উল্লেখ করেন, হুইলচেয়ার ক্রিকেট ঐতিহ্যবাহী ক্রিকেটের একটি অনুপ্রেরণামূলক রূপ। এখানে খেলোয়াড়রা তাদের সাহস, দৃঢ়তা এবং অদম্য ইচ্ছাশক্তির পরিচয় দেন। এটি শুধু তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগই দেয় না। পাশাপাশি সমাজের প্রচলিত ধারণাকেও চ্যালেঞ্জ করে।

তিনি সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর প্রশংসা করেন, যারা খেলোয়াড়দের এই আগ্রহ ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এবং খেলাটির প্রসারে ভূমিকা রাখছে।

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রিকেটের প্রতি যৌথ ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, এই খেলা দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বেশ কিছু প্রতিযোগিতামূলক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং উভয় দলই চমৎকার ক্রীড়াসুলভ মনোভাব প্রদর্শন করেছে।

ইমরান হায়দার বলেন, ক্রীড়ার মতোই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কও দিন দিন আরও শক্তিশালী হচ্ছে, বিশেষ করে জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে।

প্রসঙ্গত, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল ২০২৬ সালে পাকিস্তানে ৩য় টি-টোয়েন্টি হুইলচেয়ার ক্রিকেট এশিয়া কাপে অংশগ্রহণ করবে। এই উপলক্ষে হাইকমিশনার বাংলাদেশ দলকে আন্তরিক শুভকামনা জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews