পহেলা বৈশাখ মানেই বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। মাছ ভাজি আর পান্তার পাশাপাশি টেবিলে একটু ভিন্ন স্বাদের বিশেষ কোনো পদ থাকলে উৎসবের আনন্দ যেন আরও বেড়ে যায়।

এই বিশেষ দিনে অতিথি আপ্যায়ন বা পারিবারিক ভোজে এমন কিছু রান্না করতে চাইলে পটোলের দোলমা হতে পারে দারুণ একটি পছন্দ। দেখতে আকর্ষণীয়, খেতেও সুস্বাদু - এই পদটি সহজেই সবার নজর কাড়ে।

ঘরের পরিচিত উপকরণ দিয়েই তৈরি করা যায় পহেলা বৈশাখের জন্য উপযোগী এই ঐতিহ্যবাহী পটোলের দোলমা।

উপকরণ

১. পটোল ৮-১০টি
২. মুরগির কিমা বা গরুর কিমা ১ কাপ
৩. পিঁয়াজ কুচি ২টি
৪. আদা-রসুন বাটা ১ চা চামচ
৫. হলুদ গুঁড়া সামান্য
৬. মরিচ গুঁড়া আধা চা চামচ
৭. জিরা গুঁড়া সামান্য
৮. ধনিয়া গুঁড়া সামান্য
৯. গরম মসলা গুঁড়া সামান্য
১০. লবণ স্বাদমতো
১১. তেল ৩ টেবিল চামচ
১২. টমেটো পেস্ট ২ টেবিল চামচ
১৩. পানি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে পটোলের খোসা হালকা ছেঁচে নিয়ে দুই পাশ সামান্য কেটে ভেতরের বিচি বের করে নিন। এরপর পটোলগুলো হালকা লবণ ও হলুদ দিয়ে ভেজে তুলে রাখুন।

এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে তাতে আদা-রসুন বাটা ও সব মসলা দিয়ে কষিয়ে নিন। এরপর কিমা দিয়ে ভালোভাবে রান্না করুন, যাতে পানি শুকিয়ে মিশ্রণটি শুকনো হয়।

এই কিমার মিশ্রণ ঠান্ডা হলে ভাজা পটোলের ভেতরে ভরে দিন। এরপর আবার কড়াইতে সামান্য তেল দিয়ে টমেটো পেস্ট ও মসলা কষিয়ে নিন এবং তাতে পটোলগুলো সাজিয়ে দিন। প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন, যাতে পটোল নরম হয় এবং মসলার স্বাদ ভেতরে ঢুকে যায়।

রান্না হয়ে এলে ওপরে গরম মসলা ছিটিয়ে নামিয়ে নিন।

এএমপি/এএসএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews