যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীন সফরে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাইওয়ানে অস্ত্র বিক্রির বিষয়টি আলোচনা করবেন। 

সাংবাদিকদের সঙ্গে এক কথোপকথনে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি চান না আমরা তাইওয়ানে অস্ত্র বিক্রি করি। এটা নিয়েই আমরা আলোচনা করব। যদিও তিনি সরাসরি বলেননি যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি চালিয়ে যাবে কি না, তবে ইঙ্গিত দিয়েছেন এটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হবে।

যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে বেইজিংকেই স্বীকৃতি দিলেও নিজেদের আইনের আওতায় তাইওয়ানকে আত্মরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করে আসছে। তবে ১৯৮২ সালের ‘সিক্স অ্যাসিউরেন্সেস’ অনুযায়ী, এই বিষয়টি নিয়ে চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরামর্শ না করার নীতিও যুক্তরাষ্ট্রের রয়েছে। ফলে ট্রাম্পের এমন মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করতে পারে।

ট্রাম্প একই সঙ্গে তাইওয়ান নিয়ে পরিস্থিতি শান্ত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি না চীন তাইওয়ান দখল করবে। তার মতে, শি জিনপিংয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং চীন বড় ধরনের পদক্ষেপ নেবে না।

তবে তিনি স্বীকার করেন, ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্র তাইওয়ান থেকে অনেক দূরে, যেখানে চীনের অবস্থান খুব কাছাকাছি। যদিও তিনি উল্লেখ করেন, জাপানসহ এশিয়ার বিভিন্ন দেশের পক্ষ থেকেও তাইওয়ানের প্রতি শক্ত সমর্থন রয়েছে। এ ছাড়া ট্রাম্প জানান, হংকংয়ের গণতন্ত্রপন্থী গণমাধ্যম ব্যবসায়ী জিমি লাইয়ের মুক্তির বিষয়টিও তিনি শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তুলবেন।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews