খুলনা বিভাগীয় শিশু হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে ‘বিশেষায়িত হাসপাতাল’ হিসেবে ঘোষণা করেছে সরকার। 

গত ৯ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভাগীয় ও জেলা শহরে নবনির্মিত ৫টি শিশু হাসপাতালকে সরকার কর্তৃক ‘বিশেষায়িত হাসপাতাল’ হিসেবে ঘোষণা করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

খুলনা ছাড়াও বিশেষায়িত ঘোষিত অন্য চারটি হাসপাতাল হলো- রংপুর শিশু হাসপাতাল, কুমিল্লা শিশু হাসপাতাল, রাজশাহী শিশু হাসপাতাল এবং বরিশাল শিশু হাসপাতাল।

এ বিষয়ে সরকারকে ধন্যবাদ জানিয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান বলেন, এই আনুষ্ঠানিক ঘোষণার ফলে খুলনা অঞ্চলের অবহেলিত ও সাধারণ পরিবারের শিশুদের চিকিৎসা সেবায় এক নতুন দিগন্তের সূচনা হলো। 

হাসপাতালটিতে এখন থেকে আধুনিক যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল পদায়নের পথ সুগম হবে, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিশু স্বাস্থ্যসেবার মানকে আরও উন্নত ও গতিশীল করে তুলবে।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews