পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন পৌরসভায় শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক। ইতোমধ্যেই সাতটি পৌরসভায় শতাধিক কাউন্সিলর পদত্যাগ করেছেন। এতে একদিকে প্রশাসনিক সংকট তৈরি হয়েছে, অন্যদিকে নাগরিক সেবা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
গত ৯ মে বিজেপি সরকার শপথ নেওয়ার পর থেকেই ভাঙন শুরু হয় তৃণমূল শিবিরে। হালিশহর, ভাটপাড়া, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর, কাঁচরাপাড়া, নৈহাটি, কাঁথি ও ডায়মন্ড হারবার পৌরসভায় একের পর এক কাউন্সিলর, পৌরপ্রধান ও উপ-পৌরপ্রধান পদত্যাগ করেছেন।
পদত্যাগী নেতাদের কেউ কেউ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উন্নয়ন উদ্যোগের প্রশংসাও করেছেন। তাদের অভিযোগ, এতদিন দলীয় চাপে মুখ খুলতে পারেননি।
উত্তর ব্যারাকপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, জনমত এখন শাসক দলের পক্ষে গেছে, তাই ক্ষমতায় আঁকড়ে থাকার অর্থ নেই। অন্যদিকে ভাটপাড়া পৌরসভার উপ-পৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান, প্রশাসনিক স্থবিরতা কাটাতেই তারা পদত্যাগ করেছেন।
এদিকে বিজেপি বিধায়ক অর্জুন সিং ইঙ্গিত দিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যেই রাজ্যে পৌরসভা নির্বাচন হতে পারে। এই মুহূর্তে প্রতিটি পৌরসভায় পৌর প্রশাসক (ইও)বসানো হবে।
রাজনৈতিক মহলের আশঙ্কা, ২০০৯ সালে লোকসভা নির্বাচন এবং ২০১১ সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতায় আসার পর নিমেষের মধ্যে রাজ্যে যেভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠন তৈরি হয়েছিল, ২০২৬ সালের নির্বাচনে ভরাডুবির পর দলের সেই সংগঠন কি ফের চোখের নিমেষে ভেঙ্গে যাবে?
বিডি-প্রতিদিন/টিএ