বাংলাদেশের কাছে সিরিজ হারের পর আম্পায়ার কুমার ধর্মসেনার একটি রিভিউ নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। যা নিয়ে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে দলটি।
বিতর্ক পিছু ছাড়ছে না বাংলাদেশ-পাকিস্তান সিরিজে। সিরিজ শেষ হলেও রয়ে গেছে যার রেশ। প্রথম ম্যাচটা ভালো কাটলেও ‘রান আউট’ বিতর্কে দ্বিতীয় ম্যাচটিকে নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা।
এরপর গতকাল রোববার সিরিজের শেষ ম্যাচের এক রিভিউ নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। যা ঘটেছে ম্যাচের একদম শেষ সময়ে, ২ বলে ১২ রান যখন প্রয়োজন পাকিস্তানের।
রিশাদ হোসেনের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি ওয়াইডের ডাক দেন আম্পায়ার। কিছুক্ষণ আলোচনা করে এলবিডব্লিউর রিভিউ নেয় বাংলাদেশ। তবে সেই রিভিউ কাজে দেয়নি, এলবিডব্লিউ হয়নি।
তবে কাজের কাজ হয়ে যায়। দেখা যায় সেই বল শাহিন আফ্রিদির ব্যাট ছুঁয়েছে। তাই বদলে যায় ওয়াইডের সিদ্ধান্ত। সমীকরণ দাঁড়ায় ১ বলে ১২ রানে। যা কার্যত অসম্ভব।
ম্যাচ শেষে সেই রিভিউ নিয়েই প্রশ্ন তুলেছে পাকিস্তান। সফরকারীদের অভিযোগ, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর রিভিউটি নিয়েছে বাংলাদেশ। সেই সাথে জায়ান্ট স্ক্রিনের সুবিধা নেয়ার দাবিও করছে তারা।
পাকিস্তানের দাবি, নির্ধারিত ১৫ সেকেন্ড সময়সীমা পার হয়ে যাওয়ার পর ও জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখার পর রিভিউ নিয়েছে বাংলাদেশ। যদিও ব্রডকাস্ট ক্যামেরায় তখন ১৫ সেকেন্ডের টাইমার ছিল না।
ম্যাচ শেষে তাই ম্যাচ রেফারির কাছে গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানায় পাকিস্তান। যদিও তাতে ম্যাচের ফলাফলে কোনো পার্থক্য আসবে না।