চীনের সাংহাইয়ে আগামী মঙ্গলবার থেকে ১০ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ আরচ্যারি স্টেজ-২ এর খেলা। এ আসরে অংশ নিতে আজ সাংহাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বাংলাদেশের ১৩ আরচ্যার। আরচ্যাররা ছাড়াও ২০ সদস্যের বাংলাদেশ দলে আছেন অতিথি,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি, টিম ম্যানেজার ও প্রশিক্ষকসহ আরও ৭ জন। প্রতিযোগিতার রিকার্ভ-কম্পাউন্ড পুরুষ-নারী ব্যক্তিগত, দলগত ও মিশ্র সব মিলিয়ে ১০ ইভেন্টেই অংশ নেবে বাংলাদেশ। গতকাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি ড. মো. মোখলেস উর রহমান। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, টিম ম্যানেজার ফেডারেশনের সদস্য মো. সোহেল রানা, স্পন্সর প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার ও ফেডারেশনের সদস্য রুবাইয়েত আহমেদ ও জাতীয় আরচ্যারী দলের প্রধান প্রশিক্ষক মার্টিন ফ্রেডরিক।


বাংলাদেশের ১৩ আরচ্যার বিশ্বকাপে অংশ নেওয়ার অপেক্ষায় থাকলেও এর মধ্যে রিকার্ভ নারী আরচ্যার নাসরিন আক্তারের বিষয়টি একটু বিশেষ। তিনি মাত্র ১৩ মাসের সন্তান রেখে দেশের জন্য বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে এ সম্পর্কে নাসরিন বলেন,‘বিষয়টি মা হিসেবে একটু কঠিনই। কারণ আমার সন্তান এখনো অবুঝ। মাকে খুঁজবে কিছুক্ষণ পরপরই। এরপরও দেশের জন্য বিশ্বকাপে খেলতে যাচ্ছি।’ জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক নাসরিনের দৃঢ়তার প্রশংসা করে বলেন,‘নাসরিন মিশনে ছিল কঙ্গোতে। সেখানে এক বছর কাজ করে আরচ্যারিতে ফিরেছে। মা হওয়ার পরও তার স্কোর সেই পর্যায়ে রয়েছে।’ চীন বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘সামনেই জাপান এশিয়ান গেমস। আমরা মূলত সেই আসরের প্রস্তুতির জন্যই যাচ্ছি। পাশাপাশি বিশ্বকাপেও ভালো ফলাফল করতে চাই।’ গত মাসে থাইল্যান্ডে শেষ হওয়া এশিয়া কাপের কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। তাই কম্পাউন্ডের উপর একটু বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। কম্পাউন্ড দলের অন্যতম সদস্য হিমু বাছাড় বলেন, ‘আমরা এশিয়া কাপে সফল হয়েছি এবার আশা করছি বিশ্বকাপেও সেটার ধারাবাহিকতা বজায় রাখব।’


এশিয়া কাপ আরচ্যারিতে স্বর্ণজয়ী তিন আরচ্যার হিমু বাছাড়, ঐশ্বর্য্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে কাল ৪০০ ডলার করে অর্থ পুরস্কার দেন ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। এটি পূর্ব ঘোষিত থাকলেও তিন কোচিং স্টাফকেও চপল ২০০ ডলার করে পুরস্কার দিয়েছেন। চপল তার প্রতিশ্রুতি রক্ষা করলেও আরচ্যারি ফেডারেশন পদক জয়ীদের এখনো অর্থ দিতে পারেনি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিন পদকজয়ীকে ১০ লাখ টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ফেডারেশন তা আদায় করতে পারেনি। এ নিয়ে ফেডারেশনের সভাপতি মোখলেসুর রহমান বলেন,‘এই বিষয়ে বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি এই বিষয়টি দেখছেন। আমাদের প্রতিশ্রুত অর্থ এ মাসের মধ্যে অনুষ্ঠান করে দেব এবং সেখানে কোচদেরও সম্মানিত করা হবে।’


সম্প্রতি আরচ্যারি ফেডারেশনের কর্মকর্তারা অর্ন্তদ্বন্দ্বে জড়িয়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন। পরবর্তীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ উঠলে সভাপতি বলেন, ‘এটা অলরেডি সেটেল। একটা মিসকমিউনিকেশন হয়েছিল।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews