চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরোনো জাহাজ কাটার সময় অসুস্থ হয়ে ১০ জনের প্রাণহানির ঘটনায় শিল্প মন্ত্রণালয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশেষজ্ঞ দল। জাহাজের ট্যাংকের পানিতে দ্রবীভূত হাইড্রোজেন সালফাইড গ্যাসকে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই প্রতিবেদনে। ট্যাংক থেকে পানি বের করার সময় পানিতে দ্রবীভূত গ্যাসটি মুক্ত হয়ে শ্রমিকেরা এর সংস্পর্শে আসেন বলে ধারণা বিশেষজ্ঞ দলের।
দুর্ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে গত বুধবার শিল্প মন্ত্রণালয়ে প্রাথমিক প্রতিবেদন জমা দেয় বিশেষজ্ঞ দলের সদস্যরা। তবে দলটির তদন্ত এখনো শেষ হয়নি। বিশেষজ্ঞ দলের প্রধান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. ইয়াসির আরাফাত খান এ তথ্য নিশ্চিত করেছেন।