আসরের নামাজের বিরতির আগে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আমার বক্তব্য নিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি একটু অসত্য কথা এখানে বলেছি। আমি এটা জানতে পারলাম। আসলে আল্লাহ–তাআলা তাঁকে অপূর্ব দক্ষতা দিয়েছেন; জাস্ট বোতলটা পরিবর্তন করে ম্যাটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসেবে এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এ জন্য শুধু তাঁকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।’
এ পর্যায়ে স্পিকার বলেন, মাননীয় বিরোধী দলের নেতা, আপনি পয়েন্ট অব অর্ডারে নিশ্চয়ই এ বক্তব্য রেখেছেন। পয়েন্ট অব অর্ডার চলমান বিষয়ের ওপরে হয়। এটা তো গতকালের (বুধবার) বিষয়, গতকালই শেষ হয়ে গেছে। সুতরাং এটা এখন আর নতুন করে তোলার কোনো প্রয়োজন নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে স্পিকার বলেন, ‘মাননীয় মন্ত্রী, এটার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। উনি যদি হাউসে থেকে বলতেন, তাহলে নিশ্চয়ই আপনাকে রাইট অফ রিপ্লাই দিতাম।’