হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান এবং সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি। রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত জমকালো এই আয়োজনে সেরা ছবির সম্মান পেয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

অনুষ্ঠানে ছবিটি মোট ছয়টি অস্কার জিতে রাতের সবচেয়ে সফল সিনেমা হয়ে ওঠে। সেরা ছবি ছাড়াও এটি জেতে সেরা পরিচালক, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা সম্পাদনা, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য এবং প্রথমবার চালু হওয়া সেরা কাস্টিং বিভাগে পুরস্কার।


পুরস্কার গ্রহণের সময় পরিচালক পল থমাস অ্যান্ডারসন জানান, এর আগে তিনি ১৪ বার অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। মজা করে তিনি বলেন, একটি অস্কার জিততে যে কতটা পরিশ্রম করতে হয়, তা তিনি এবার সত্যিই উপলব্ধি করেছেন এবং এজন্য তিনি কৃতজ্ঞ।

অন্যদিকে ‘সিনার্স’ চলচ্চিত্রে যমজ চরিত্র ‘স্মোক’ ও ‘স্ট্যাক’-এর ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, তার আগে পথ তৈরি করে দেওয়া কৃষ্ণাঙ্গ অভিনেতাদের প্রতি তিনি কৃতজ্ঞ।

এদিকে ‘হ্যামনেট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি।

এবারের অস্কারে ‘সিনার্স’ ছবিটিও চারটি পুরস্কার জিতে বেশ আলোচনায় আসে। ছবিটির সিনেমাটোগ্রাফার অটাম ডুরাল্ড আরকাপাও অস্কারের ইতিহাসে প্রথম নারী হিসেবে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছেন।


এ ছাড়া ‘ফ্রাঙ্কেনস্টাইন’ তিনটি এবং ‘কে-পপ ডেমন হান্টার্স’ দুটি অস্কার জিতেছে। এর মধ্যে কে-পপ ডেমন হান্টার্স পেয়েছে সেরা মৌলিক গানের পুরস্কারও।

অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব উৎসর্গ করা হয় ২০২৫ সালে প্রয়াত অভিনেতা, লেখক ও নির্মাতাদের স্মরণে। এ সময় অভিনেতা বিলি ক্রিস্টাল আবেগঘন ভাষায় শ্রদ্ধা জানান প্রখ্যাত অভিনেতা ও পরিচালক রব রেইনারকে, যিনি গত বছরের ডিসেম্বরে ছুরিকাঘাতে নিহত হন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews