মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২৬ উপলক্ষে এক অনুষ্ঠানে যানজট এড়িয়ে সময়মতো পৌঁছাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রিকশায় চড়ে গন্তব্যে পৌঁছান।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে রাজবাড়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত “একুশের কবিতা” অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়কে তীব্র যানজটে পড়েন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
পরে সময় মতো অনুষ্ঠানে পৌঁছাতে রিকশা নেন তারা।
ঘটনার সময় তোলা তাদের রিকশায় যাত্রার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, সাধারণ পোশাক পরিহিত দুই ব্যক্তি রিকশায় বসে আছেন। প্রথম দেখায় তারা সাধারণ যাত্রী মনে হলেও, বাস্তবে তারা দেশের উচ্চপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি।
ছবিতে আরও দেখা যায়, কোনো প্রটোকল বহর বা কড়া নিরাপত্তা বেষ্টনী ছাড়াই তারা রিকশায় করে অনুষ্ঠানে যাচ্ছেন। সাধারণত গুরুত্বপূর্ণ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সরকারি গাড়ি, নিরাপত্তা প্রহরা ও আনুষ্ঠানিক বহর নিয়ে চলাচল করেন—যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিচিত চিত্র। তবে এ ক্ষেত্রে তারা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে সাধারণ পরিবহন ব্যবহার করেন।
সামাজিক মাধ্যমে অনেকেই তাদের এই সরল ও সময়ানুবর্তী পদক্ষেপের প্রশংসা করেছেন।
এএইচ