ভিডিও জকি ও রেস্তরাঁ মালিক মনীশ মখিজার সঙ্গে ২০০৩ সালে গাঁটছড়া বেঁধেছিলেন পূজা ভাট। গোয়ায় চুপিসারে বিয়ে সারেন। যখন বিয়ে করেন তখন মনীশ তার কাকার প্রযোজনা সংস্থার সহকারী পরিচালক। প্রায় ১১ বছর পর ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন পূজা ও মনীশ। বিয়ে ভাঙার নেপথ্যে যদিও ছিল না কোনো তৃতীয় ব্যক্তি। অন্য এক কারণে নাকি বিয়ে ভাঙে মনীশ-পূজার।
বিচ্ছেদের পর মদে আসক্ত হয়ে পড়েন অভিনেত্রী- এমনটাই দাবি তার। ব্যাংকে ছিল মাত্র চার হাজার টাকা। যদিও তাতে বিশেষ যায় আসতো না তার। পূজা জানান, তিনি বিয়ের সম্পর্কে থেকেও একাকিত্বে ভুগতে শুরু করেন। তখনই বুঝতে পারেন যে, তার বিবাহিত জীবন ভালো কাটছে না। সম্পর্কে ফাটল ধরছে। অনেকেই সন্দেহ করেছিলেন যে, হয়তো তাদের বিয়ে ভাঙার নেপথ্যে ছিল কোনো তৃতীয় ব্যক্তি। যদিও সেই দাবি নস্যাৎ করেন পূজা।
জানান, তিনি কখনো তার স্বামীর সঙ্গে প্রতারণা করেননি। তবে সম্পর্ক ভাঙার নেপথ্যে নাকি ছিল পূজার মা না হওয়ার সিদ্ধান্ত। পূজা বলেন, আমি সন্তানের দায়িত্ব সামলাতে পারতাম না। বাচ্চা ভালোবাসি। কিন্তু মা হওয়ার তাগিদ অনুভব করিনি। আমার স্বামী, শ্বশুরবাড়ির সকলেই খুব ভালো ছিল। সন্তান না নেয়ার সিদ্ধান্ত আমার ছিল।