যশোরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনের দিনেই দুই হাজার ৪২ পরিবার কার্ড ও আর্থিক সহায়তা পেয়েছে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে যশোরসহ দেশের ২০ জেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে যশোর সদর উপজেলার চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বাকি পরিবারগুলোর কাছে পর্যায়ক্রমে কার্ড পৌঁছে দেবে সমাজসেবা অধিদপ্তর।
উদ্বোধনের পরপরই ফ্যামিলি কার্ড পাওয়া সবার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে দুই হাজার ৫০০ টাকা করে পাঠানো হয়েছে। উপকারভোগী নারীরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তাদের সবার বাড়ি যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কার্ড বিতরণ শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড চালু করা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো।
তিনি আরও বলেন, জনগণের কাছে দেওয়া অন্যান্য প্রতিশ্রুতিও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
বিডি-প্রতিদিন/এমই