রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, "দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি তিনি যেন তাদের জান্নাতুল ফিরদাউস নসীব করেন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল আমার গভীর সমবেদনা।"
জামায়াত আমির দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, "সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।"
পরিবহন খাতে শৃঙ্খলার তাগিদ
দেশের পরিবহন খাতের অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, "পরিবহন খাতের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।"
বিবৃতিতে তিনি উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সকল স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর এবং এই ধরনের বিপদ থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান।