মিসরের দাকাহলিয়া গভর্নরেটে ইফতার সামগ্রী বিতরণের সময় সড়ক দুর্ঘটনায় জাকারিয়া মানসুরা নামের এক উদীয়মান ফুটবলারের মৃত্যু হয়েছে। তিনি ওয়ার্কার্স ক্লাবের যুবদলের অধিনায়ক ছিলেন।
গতকাল শনিবার মাগরিবের আজানের কিছু আগে তিনি সড়কে পথচারী ও যাত্রীদের মধ্যে ইফতারসামগ্রী ও খেজুর বিতরণ করছিলেন। এমন সময় এক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
জানা গেছে, রমজান মাসে তিনি নিয়মিতভাবে এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিতেন।
এক শোকবার্তায় তরুণ খেলোয়াড়ের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা। এ ঘটনাকে দেশের ফুটবলের জন্য বেদনাদায়ক ক্ষতি হিসেবে উল্লেখ করেন তিনি।
মানসুরা ওয়ার্কার্স ক্লাবের যুব একাডেমির কোচ ও কর্মকর্তারাও শোক প্রকাশ করে বলেন, জাকারিয়া শুধু একজন প্রতিভাবান ফুটবলারই ছিলেন না, তিনি ছিলেন দৃঢ় চরিত্র ও ভদ্র আচরণের জন্য পরিচিত একজন সম্মানিত অধিনায়ক।
ক্লাব সূত্রে জানা যায়, ২০১১ সালে জন্ম নেওয়া জাকারিয়া অল্প বয়সেই অসাধারণ প্রতিভা ও নেতৃত্বের গুণাবলি প্রদর্শন করেছিলেন। ভবিষ্যতে তার উজ্জ্বল ক্যারিয়ারের সম্ভাবনা ছিল বলে জানান সংশ্লিষ্টরা। মাঠের ভেতরে তার পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরে সমাজসেবামূলক কার্যক্রমও তাকে সবার থেকে আলাদা করেছিল।
বিডি প্রতিদিন/কেএ