গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করে। হামলার পর থেকে হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ হওয়ায় জ্বালানির দাম বাড়তে থাকে। গত বুধবার ট্রাম্পের ভাষণের পর জ্বালানির দাম পাঁচ ডলার বেড়েছে। গতকাল প্রতি ব্যারেলে জ্বালানি ১০৮ থেকে ১০৯ ডলারে বিক্রি হয়েছে।
ডেমোক্রেটিক পার্টির সিনেটর ক্রিস ভ্যান লিখেছেন, ‘ট্রাম্প দুই সপ্তাহ আগে দাবি করেছিলেন, “আমরা জয়ী হয়েছি।” তখন তিনি পুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে মিথ্যা বলেছিলেন। ...এই বিভ্রান্ত মানুষটি আমাদের দেশ এবং বিশ্বের জন্য এক চরম বিপদ।’
যুদ্ধ শেষ করার জন্য একটা চুক্তিতে রাজি হতে ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত ইরানকে তিনবার সময়সীমা দিয়েছেন। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৬ এপ্রিল পর্যন্ত ইরানকে সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোয় হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। বুধবারের ভাষণে তিনি আবারও একই হুমকি দেন।